আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের এক বছর পর আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে সিরিয়া। দেশটির বিভিন্ন শহরে আসাদপন্থি আলাউইত সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। রোববার (২৮ ডিসেম্বর) লাতাকিয়া, তারতুস ও জাবলেহ শহরে চলা এই সংঘাত ও বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, সিরিয়ার উপকূলীয় শহরগুলোতে পরিস্থিতি থমথমে।
লাতাকিয়া: আজহারি গোলচত্বরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়েছে।
তারতুস: বানিয়াসের আল-আনাজা পুলিশ স্টেশনে অজ্ঞাত হামলাকারীরা হাতবোমা নিক্ষেপ করলে সেনাবাহিনীর দুই সদস্য আহত হন। অন্যদিকে, নিরাপত্তা বাহিনীর গুলিতে বিক্ষোভকারীদের হতাহতের অভিযোগ উঠলেও সিরীয় কর্তৃপক্ষ তা নিশ্চিত করেনি। তারা দাবি করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
দুদিন আগে সিরিয়ার হোমস শহরে একটি মসজিদে বোমা হামলায় আটজন নিহত হন। এই ঘটনার জেরে এবং ক্ষমতাচ্যুত বাশার আল-আসাদের বাহিনীর আটক কর্মকর্তাদের মুক্তি ও চাকরিতে পুনর্বহালের দাবিতে আলাউইতরা রাস্তায় নামেন। প্রবাসে থাকা আলাউইত ইসলামিক কাউন্সিলের প্রধান গাজাল গাজাল এই বিক্ষোভের ডাক দিয়েছিলেন।
বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড ও গাজাল গাজালের ছবি হাতে ‘ফেডারেল শাসনব্যবস্থা’ চালুর দাবি জানান। হাদিল সালহা নামের এক বিক্ষোভকারী বলেন, “আমাদের প্রথম দাবি রক্তপাত বন্ধ করার জন্য শিগগিরই ফেডারেল ব্যবস্থা চালু করা। আলাউইতদের রক্ত সস্তা নয়। আমরা আলাউইত বলেই আমাদের হত্যা করা হচ্ছে।”
উল্লেখ্য, গত বছরের (২০২৪) ডিসেম্বরে বিদ্রোহীদের অভিযানের মুখে বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে। এরপর থেকেই সিরিয়ায় নতুন করে সাম্প্রদায়িক উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটছে।
বাংলাফ্লো/এফআইআর






