আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত বন্ডাই (Bondi) সমুদ্র সৈকতে ইহুদি সম্প্রদায়ের হানুকা উৎসবে বন্দুকধারীর বর্বরোচিত হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। গত ৩০ বছরের ইতিহাসে অস্ট্রেলিয়ায় এটিই সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।
স্থানীয় সময় রোববার (১৪ ডিসেম্বর) উৎসব চলাকালে জনাকীর্ণ সৈকতে এই হামলা চালানো হয়। সোমবার এক সংবাদ সম্মেলনে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে হতাহতের হালনাগাদ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, হামলার সময় ঘটনাস্থলে প্রায় দুই হাজার মানুষ উপস্থিত ছিলেন। আনন্দঘন উৎসব মুহূর্তেই রক্তপাতে রূপ নেয়। হামলাকারীদের মধ্যে ৫০ বছর বয়সী বাবা ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং তার ২৪ বছর বয়সী ছেলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও গোয়েন্দা সংস্থা বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।
সিডনির এই হামলাকে ‘অশুভ ইহুদিবিদ্বেষী তৎপরতা’ বলে আখ্যা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। তিনি বলেন, “যে দিনটি আনন্দের হওয়ার কথা ছিল, সেই দিনেই অস্ট্রেলীয়দের লক্ষ্য করে সৈকতে এই হামলা হয়েছে। এটি আমাদের জাতির প্রাণকেন্দ্রে আঘাত। এই ধরনের জঘন্য সহিংসতা ও ঘৃণার কোনো স্থান অস্ট্রেলিয়ায় নেই।” নিউ সাউথ ওয়েলসের প্রধানমন্ত্রী ক্রিস মিনস পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দায়ীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির গোলাগুলির ঘটনার প্রসঙ্গ টেনে তদন্তের ওপর জোর দেন।
এদিকে, এই হামলার জেরে নিউইয়র্ক, বার্লিন ও লন্ডনসহ বিশ্বের বিভিন্ন শহরে ইহুদি উপাসনালয় ও হানুকা অনুষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বিদেশে অবস্থানরত নাগরিকদের জনসমাগম এড়িয়ে চলার সতর্কতা জারি করেছে।বাংলাফ্লো/এফআইআর






