বিনোদন ডেস্ক
ঢাকা: দক্ষিণের সুপারস্টার এবং ‘তামিলগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে)-এর প্রধান থালাপতি বিজয়ের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। সাম্প্রতিক ছবি ‘জননয়গণ’-এর ওপর স্থগিতাদেশের ধকল সামলাতে না সামলাতেই এবার আয়কর সংক্রান্ত মামলায় বড়সড় ধাক্কা খেলেন এই অভিনেতা। কর ফাঁকির অভিযোগে বিজয়ের ওপর আরোপিত ১ কোটি ৫০ লাখ টাকার জরিমানা বহাল রেখেছে মাদ্রাজ হাইকোর্ট।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিচারপতি সেন্থিলকুমার রামমূর্তির একক বেঞ্চ বিজয়ের করা রিট পিটিশনটি খারিজ করে দেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের সেপ্টেম্বরে আয়কর বিভাগ বিজয়ের বাড়িতে তল্লাশি চালায়। তদন্তকারীদের দাবি ছিল, ২০১৫-১৬ অর্থবছরে অভিনেতা প্রায় ১৫ কোটি টাকার আয়ের তথ্য গোপন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে তাকে ১.৫০ কোটি টাকা জরিমানা করা হয়। এই জরিমানার বৈধতা এবং নোটিশের সময়সীমা চ্যালেঞ্জ করে ২০২২ সালে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজয়।
তবে আদালত বিজয়ের আইনজীবীদের যুক্তি নাকচ করে দিয়ে জানিয়েছে, আয়কর আইনের ২৬৩ ধারা মেনেই সঠিক সময়ে নোটিশ পাঠানো হয়েছিল এবং পুরো প্রক্রিয়াটি আইনসম্মত ছিল। ফলে আয়কর দপ্তরের জরিমানা আদায়ে আর কোনো আইনি বাধা রইল না। তবে হাইকোর্টে আবেদন খারিজ হলেও বিজয়ের সামনে আইনি লড়াইয়ের পথ পুরোপুরি বন্ধ হয়নি; তিনি চাইলে ইনকাম ট্যাক্স আপিল ট্রাইব্যুনালে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ






