অর্থনীতি ডেস্ক
ঢাকা: ২০২৫ সালজুড়ে শেয়ারবাজারে যে দীর্ঘমেয়াদী মন্দা ও দরপতন চলছিল, নতুন বছর ২০২৬-এর প্রথম দিনেই সেই চিত্র বদলে গেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বছরের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)—উভয় বাজারেই বড় ধরনের উত্থান দিয়ে লেনদেন শেষ হয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে ফিরেছে স্বস্তি।
ডিএসইর সার্বিক চিত্র: সকাল থেকেই লেনদেনে চাঙ্গাভাব লক্ষ্য করা যায়। দিনশেষে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৬৩টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির। এর ফলে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স (DSEX) আগের দিনের তুলনায় ৪৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯১০ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্যান্য সূচকের অবস্থান:
ডিএসই শরিয়াহ সূচক (DSES): ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসই-৩০ সূচক (DS30): ভালো কোম্পানিগুলোর এই সূচকটি ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ক্যাটাগরিভিত্তিক লেনদেন:
ভালো মানের কোম্পানি (১০% বা তার বেশি লভ্যাংশ): ১৪২টির দাম বেড়েছে, কমেছে ৩৮টির।
মাঝারি মানের কোম্পানি (১০%-এর কম লভ্যাংশ): ৫৯টির দাম বেড়েছে, কমেছে ৮টির।
জেড ক্যাটাগরি (লভ্যাংশ না দেওয়া): এই ক্যাটাগরির ৬২টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, বিপরীতে কমেছে ২০টির।
মিউচুয়াল ফান্ড: ৩৫টির মধ্যে ১১টির দর বেড়েছে।
২০২৫ সালের হতাশা কাটিয়ে বছরের প্রথম দিনের এই বড় উত্থান বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে ভূমিকা রাখবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
বাংলাফ্লো/এফআইআর






