বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) শুরু হওয়া পদত্যাগের মিছিলে এবার যুক্ত হলো আরও একটি ভারী নাম। দলটির কৃষক উইংয়ের প্রধান সমন্বয়কারী ও মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি আজাদ খান ভাসানী এনসিপির সঙ্গে সব ধরনের সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। জামায়াতে ইসলামীর সঙ্গে জোট এবং দলের আদর্শিক বিচ্যুতিকে কেন্দ্র করে গত কয়েকদিনে তাসনিম জারা, তাজনূভা জাবীন ও মীর আরশাদুল হকের পর আজাদ খান ভাসানীর এই বিদায় দলটিকে বড়সড় সংকটের মুখে ঠেলে দিল।

ফেসবুক পোস্টে আজাদ খান ভাসানী উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানকে তিনি মহান মুক্তিযুদ্ধের অসমাপ্ত লড়াইয়ের ধারাবাহিকতা হিসেবে দেখেছিলেন। ভাসানীর আদর্শ ও বৈষম্যবিরোধী রাজনীতির স্বপ্ন নিয়ে তিনি এনসিপিতে যোগ দেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি বলেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, বাস্তব অভিজ্ঞতায় নতুন বাংলাদেশ বিনির্মাণের ঐতিহাসিক দায়বদ্ধতা, গণমানুষের প্রতি দরদ ও ত্যাগের যে গভীরতা প্রয়োজন—এখানে তার স্পষ্ট ঘাটতি আমি অনুভব করেছি।” তিনি আরও জানান, বর্তমান প্রেক্ষাপটে মওলানা ভাসানীর রাজনৈতিক আদর্শের পক্ষাবলম্বনই তার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, তাই তিনি এনসিপির সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্কচ্ছেদ করছেন।
আজাদ খান ভাসানী গত ৬ সেপ্টেম্বর এনসিপির কৃষক উইংয়ের দায়িত্ব পেয়েছিলেন। বিদায়বেলায় তিনি তারুণ্যের এই দলটির প্রতি শুভকামনা জানিয়ে বলেন, তারা যেন গণমানুষের রাষ্ট্র বিনির্মাণের সঠিক পথ খুঁজে পায়।
বাংলাফ্লো/এফআইআর






