বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে নিরাপত্তা জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
মূলত, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ব্যালট পেপারে অনিয়ম এবং একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগ এনে ইসি কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। বেলা ১১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে দুপুরে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত বা রাত পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন।
ইসিকে উদ্দেশ্য করে ছাত্রদল সম্পাদক অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে পড়ে কমিশন দায়িত্বশীলতার পরিচয় না দিয়ে ‘হঠকারী ও অদূরদর্শী’ সিদ্ধান্ত নিয়েছে, যা স্বাধীন কমিশনের পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করেছে। উদ্ভূত পরিস্থিতিতে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য ইসি ভবনের সামনে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
বাংলাফ্লো/এফআইআর






