বিনোদন ডেস্ক
ঢাকা: নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম’ (IFFR)-এ ইতিহাস গড়ল বাংলাদেশ। উৎসবের ৫৫তম আসরে বাংলাদেশের তিনটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র তিনটি ভিন্ন বিভাগে নির্বাচিত হয়েছে, যা দেশের চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য মাইলফলক।
উৎসবের ইতিহাসে এবারই প্রথম বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মূল প্রতিযোগিতা বিভাগ বা ‘টাইগার কম্পিটিশন’-এ জায়গা করে নিয়েছে। মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় চলচ্চিত্র ‘রইদ’ এই ঐতিহাসিক গৌরবের অংশীদার। সুনামগঞ্জের হাওর অঞ্চলে চিত্রায়িত এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।
রেদওয়ান শাহরিয়ার সুমিতের পলিটিক্যাল থ্রিলার ‘মাস্টার’ নির্বাচিত হয়েছে উৎসবের ‘বিগ স্ক্রিন কম্পিটিশন’ বিভাগে। ১২২ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমায় একজন আদর্শবান শিক্ষকের উপজেলা চেয়ারম্যান হওয়ার পর ক্ষমতার দ্বন্দ্বে বদলে যাওয়ার গল্প উঠে এসেছে। নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন ও ফজলুর রহমান বাবু অভিনীত এই ছবিটি যদি বিজয়ী হয়, তবে মিলবে ৩০,০০০ ইউরো পুরস্কার এবং নেদারল্যান্ডসের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সুবর্ণ সুযোগ। অস্কার মনোনীত সম্পাদক এবং দক্ষিণ কোরিয়ার স্টুডিওতে পোস্ট-প্রডাকশন সম্পন্ন হওয়ায় ছবিটির কারিগরি মান নিয়ে দারুণ আশাবাদী সংশ্লিষ্টরা।
উৎসবে বাংলাদেশের তৃতীয় প্রতিনিধি মোহাম্মদ তাওকীর ইসলামের চলচ্চিত্র ‘দেলুপি’। দক্ষিণাঞ্চলের জনজীবন নিয়ে নির্মিত এই সিনেমাটি জায়গা করে নিয়েছে উৎসবের ‘ব্রাইট ফিউচার’ বিভাগে।
নির্মাতা ও প্রযোজক রেদওয়ান রনি এই অর্জনকে বাংলাদেশি সিনেমার জন্য এক গর্বিত মুহূর্ত উল্লেখ করে বলেন, “তিনটি ভিন্ন বিভাগে তিনটি চলচ্চিত্রের এই নির্বাচন আমাদের চলচ্চিত্র যাত্রার এক সংজ্ঞায়িত অধ্যায় এবং বিশ্বমঞ্চে বাংলাদেশি সিনেমার ক্রমবর্ধমান বলিষ্ঠ কণ্ঠস্বর।”
বাংলাফ্লো/এফআইআর






