স্পোর্টস ডেস্ক
ঢাকা: সব জল্পনা-কল্পনা আর গুঞ্জনের অবসান। তিনি দেশ ছেড়ে পালাননি, অস্ট্রেলিয়াতেও পাড়ি জমাননি। দেশের ক্রিকেটের এই ক্রান্তিলগ্নে সশরীরে হাজির হলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে। তিনি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টা নাগাদ বিসিবি কার্যালয়ে প্রবেশ করে নিজের অবস্থান পরিষ্কার করলেন দেশের ক্রিকেটের এই অভিভাবক।
রোববার (২৫ জানুয়ারি) রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে জোর গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, বিসিবি সভাপতি গভীর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশত্যাগ করেছেন। এমনকি ফেরার টিকিটও কাটেননি তিনি। কোনো কোনো সংবাদমাধ্যম বিমানবন্দরের সূত্রের বরাত দিয়ে দাবি করেছিল, জাতীয় নির্বাচনের আগে তিনি আর দেশে ফিরবেন না। যদিও রোববার রাতেই তিনি একটি গণমাধ্যমকে জানিয়েছিলেন যে তিনি দেশেই আছেন, তবুও গুঞ্জন থামেনি।
তবে সব খবরকে অসত্য প্রমাণ করে সোমবার সকালেই অফিসে যোগ দেন আমিনুল ইসলাম। তার এই উপস্থিতি প্রমাণ করে, কঠিন সময়ে তিনি মাঠ ছেড়ে যাননি।
নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত এবং আইসিসি কর্তৃক বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়ার ঘটনায় দেশের ক্রিকেট এখন স্মরণকালের সবচেয়ে কঠিন সময় পার করছে। বোর্ডের একাধিক পরিচালককে নিয়েও চলছে সমালোচনা। এমন উত্তপ্ত পরিস্থিতিতে সভাপতির দেশত্যাগের গুজব ক্রিকেট পাড়ায় নতুন করে অস্থিরতা তৈরি করেছিল, যা তার উপস্থিতিতে আপাতত প্রশমিত হলো।
বাংলাফ্লো/এফআইআর






