স্পোর্টস ডেস্ক
ঢাকা: ক্রিকেটার ও ম্যাচ অফিশিয়ালদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পেনশন স্কিম চালুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল অনুষ্ঠিত বিসিবির বর্তমান বোর্ডের চতুর্থ বোর্ড সভায় এই যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিসিবির পরিকল্পনা অনুযায়ী, এই স্কিমের আওতায় সাবেক ও বর্তমান ক্রিকেটারদের পাশাপাশি ম্যাচ অফিশিয়ালরাও অন্তর্ভুক্ত থাকবেন।
অনেক সময় খেলোয়াড় ও ম্যাচ অফিশিয়ালরা অবসরের পর আর্থিকভাবে অনিশ্চয়তায় পড়েন। সেই দিকটি বিবেচনা করেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিসিবি জানিয়েছে, বিষয়টি চূড়ান্ত করার আগে একটি বিস্তারিত কাঠামো তৈরি করা হবে এবং এজন্য প্রাথমিকভাবে একটি কমিটি গঠন করা হয়েছে।
এ প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোখছেদুর রহমান বাবু বলেন, ‘আমরা প্রাথমিকভাবে একটি কমিটি গঠন করেছি। আগামী বোর্ড মিটিংয়েই এই সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রস্তাবনা উপস্থাপন করবে তারা। কাদেরকে, কীভাবে এবং কী পরিমাণ পেনশন প্রদান করা হবে, সে বিষয়ে ওই কমিটিই চূড়ান্ত রূপরেখা দেবে।’ তিনি আরও জানান, খেলোয়াড় ও ম্যাচ অফিশিয়ালদের পেনশনের বিষয়ে নীতিগতভাবে সম্মতি দেওয়া হয়েছে এবং এখন কমিটির দেওয়া প্রস্তাবনার অপেক্ষায় রয়েছে বোর্ড।
বাংলাফ্লো/এফআইআর






