বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচনে ১৫টি ক্লাবের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করেছিলেন হাইকোর্ট। আপিল করে ভোটাধিকার প্রয়োগ ক্ষমতা ফেরত পেয়েছে সেই ক্লাবগুলো। পাশাপাশি জেলা ও অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিতই থাকবে।
গত ৩০ সেপ্টেম্বর ১৫টি ক্লাবের কাউন্সিলরের নাম অন্তর্ভুক্তির বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ। প্রাথমিক শুনানি শেষে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিতের আদেশ দেন হাইকোর্ট বেঞ্চ।
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে রোববার আপিল করেন নাখালপাড়া ক্রিকেটার্সের কাউন্সিলর লোকমান হোসেন ভূঁইয়া। পরে চেম্বার আদালত থেকে ভোটাধিকার প্রয়োগ ফেরত পায় ক্লাবগুলো। আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব আদেশ দেন।
১৫টি ক্লাব হচ্ছে- এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, প্যাসিফিক ক্রিকেট একাডেমি, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব, মোহাম্মদপুর ক্রিকেট ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ভাইকিংস ক্রিকেট একাডেমি, নাখালপাড়া ক্রিকেটার্স, বনানী ক্রিকেট ক্লাব, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব ও আলফা স্পোটিং ক্লাব।
তফসিল অনুযায়ী সোমবার বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে।


