স্পোর্টস ডেস্ক
ঢাকা: নারী ক্রিকেটারদের জন্য ‘বিসিবি উইমেন্স কাপ’ নামে নতুন একটি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৫ থেকে ১৪ মে পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে সর্বশেষ ঢাকা উইমেনস ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে অংশ নেওয়া ক্রিকেটাররা খেলবেন।
বিসিবি জানিয়েছে, টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেবে, যার ফলে ১১২ জন নারী ক্রিকেটার এতে নিজেদের প্রমাণ করার সুযোগ পাবেন। অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড় পুরো টুর্নামেন্টের জন্য ২৫ হাজার টাকা করে ম্যাচ ফি পাবেন। পাশাপাশি চ্যাম্পিয়ন দল, প্লেয়ার অব দ্য ম্যাচসহ বিভিন্ন ব্যক্তিগত পারফরম্যান্সের জন্যও আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
অন্যদিকে, চলতি বছরের এপ্রিলে প্রথমবারের মতো নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়ানোর কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১০ জুলাই বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে নারী বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২১ জুলাই ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেগা এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাফ্লো/এফআইআর






