স্পোর্টস ডেস্ক
ঢাকা: উয়েফার সর্বশেষ আর্থিক প্রতিবেদন ‘ইউরোপিয়ান ক্লাব ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপ ২০২৫’ অনুযায়ী, জার্সি বিক্রি ও বিপণন খাত থেকে আয়ের দিক দিয়ে ইউরোপের সব শীর্ষ ক্লাবকে পেছনে ফেলে এক নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভোতে প্রকাশিত এই প্রতিবেদনে দেখা যায়, গত অর্থবছরে এই খাতে কাতালান ক্লাবটির আয় ছিল ২৭৭ মিলিয়ন ইউরো, যা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের চেয়েও অনেক বেশি।
তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনার আয় ২৭৭ মিলিয়ন ইউরো। এরপর যথাক্রমে রয়েছে রিয়াল মাদ্রিদ (২৩১ মিলিয়ন ইউরো) এবং বায়ার্ন মিউনিখ (১৮৯ মিলিয়ন ইউরো)।
শীর্ষ তিনের পর রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড (১৭২ মিলিয়ন), আর্সেনাল (১৫১ মিলিয়ন), লিভারপুল (১৪৮ মিলিয়ন), টটেনহ্যাম (১০২ মিলিয়ন), গালাতাসারাই (৯৯ মিলিয়ন) এবং চেলসির (৯৫ মিলিয়ন ইউরো) মতো ক্লাবগুলো।
বার্সেলোনার এই বিশাল আর্থিক সাফল্যের পেছনে প্রধান নিয়ামক হিসেবে কাজ করেছে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকির সঙ্গে ক্লাবের চুক্তি নবায়নের প্রথম পূর্ণ বছর।
এই পরিসংখ্যান স্পষ্ট প্রমাণ করে যে, লিওনেল মেসি ক্লাব ছাড়ার পরও বার্সেলোনার বাণিজ্যিক শক্তি ও বিশ্বব্যাপী আবেদন বিন্দুমাত্র ম্লান হয়নি; বরং তরুণ সেনসেশন লামিনে ইয়ামালের অভাবনীয় উত্থানে তা আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
বাংলাফ্লো/এফআইআর




