স্পোর্টস ডেস্ক
ঢাকা: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে টানা পাঁচ জয়ে আগেই মূলপর্বে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। অবশেষে নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্রের হারে সুপার সিক্সের দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল টাইগ্রেসরা।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্র নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে। জবাবে ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৯০ রান তোলে নেদারল্যান্ডস। এরপরই বৃষ্টি হানা দেয় এবং খেলা আর মাঠে না গড়ালে ডিএল মেথডে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়ে জয় পায় নেদারল্যান্ডস। এই জয়ের ফলে ডাচরাও বিশ্বকাপের টিকিট পেয়েছে। তাদের সমান ৬ পয়েন্ট থাকায় মূল পর্ব নিশ্চিত হয়েছে বাংলাদেশেরও।
বাছাইপর্ব থেকে বাকি দুই দল হিসেবে বিশ্বকাপে যাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। অন্যদিকে, এখন পর্যন্ত কোনো পয়েন্ট না পাওয়া যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের সম্ভাবনা আর নেই বললেই চলে। আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।
বাংলাফ্লো/এফআইআর






