বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচের পর তৃতীয় ও শেষ ওয়ানডেতে দাপুটে জয়ে সিরিজ নিশ্চিত করেছে মেহেদী হাসান মিরাজের দল। দুদলের সামনে টি-টুয়েন্টি সিরিজ। ছোট সংস্করণে তিন ম্যাচের লড়াই শুরু হবে ২৭ অক্টোবর। চট্টগ্রামে হতে চলা সিরিজের আগে দলে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তায় তথ্যটি জানিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। চোটে ছিটকে পড়া পেসার শামার জোসেফের পরিবর্তে কোন পেসারকে নেয়নি ওয়েস্ট ইন্ডিজ। বদলি হিসেবে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার খ্যারি পিয়েরে।
মিরপুরে ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই খেলেছেন ৩৪ বর্ষী পিয়েরে। প্রথম ম্যাচে একটি উইকেট নেয়ার পর অন্য দুম্যাচে কোন উইকেট পাননি। তাকে দলের সঙ্গে রেখে দিল বোর্ডটি।
আরেক বাঁহাতি পেসার জেডিয়াহ ব্লেডসও চোটে ছিটকে গেছেন সিরিজ থেকে। দুজন পেসার ছিটকে যাওয়ার পর বিকল্প হিসেবে আকিল হোসেইন ও র্যামন সাইমন্ডসকে ওয়ানডে স্কোয়াডে যুক্ত করা হয়েছিল।
আগামী ২৭, ২৯ ও ৩১ অক্টোবর চট্টগ্রামে হবে টি-টুয়েন্টি সিরিজ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
ওয়েস্ট ইন্ডিজের টি-টুয়েন্টি দল: শাই হোপ (অধিনায়ক), আলিক আথানাজে, আকিম অগাস্তে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আমির জাঙ্গো, ব্রেন্ডন কিং, গুডাকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জাডেন সিলেস, রোমারিও শেফার্ড, র্যামন সাইমন্ডস ও খ্যারি পিয়েরে।


