স্পোর্টস ডেস্ক
ঢাকা: মালদ্বীপ সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে বাংলাদেশ ও ভারতের মধ্যকার রোমাঞ্চকর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। মাঠে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পাশাপাশি উত্তেজনা ছড়ায় ডাগআউটেও, যেখানে দুই দলের কোচিং স্টাফই লাল কার্ড দেখেছেন।
লাল কার্ড দেখায় ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসতে পারেননি বাংলাদেশের ব্রিটিশ হেড কোচ মার্ক কক্স। তাঁর পরিবর্তে আসা সহকারী কোচ আতিকুর রহমান মিশু রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “সবাই মনে করে বাংলাদেশ-ভারত ম্যাচে রেফারি ভারতের পক্ষে। রেফারিংয়ের বিষয়টি সাফের দেখা উচিত।”
আমেরিকান প্রবাসী ফুটবলার রোনান সুলিভানের পারফরম্যান্সে মুগ্ধ কোচিং স্টাফ। পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করা রোনান এই ম্যাচেও গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করেছেন। মিশু বলেন, “ফুটবল টিম গেম। তার সংযোজন অবশ্যই আমাদের জন্য ভালো এবং সে দারুণ কার্যকর।” তবে তাঁর ভাই ডেকলানকে কেন খেলানো হয়নি, সে বিষয়ে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
প্রথমার্ধে ভারত লিড নিলেও, বাংলাদেশ পরে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। মিশু জানান, বাংলাদেশ-ভারত ম্যাচে স্বাভাবিকভাবেই উত্তেজনা থাকে, তাই প্রথম ২০-২৫ মিনিট ছেলেরা কিছুটা খেই হারিয়ে ফেলেছিল। তবে দ্বিতীয়ার্ধে তারা চমৎকার খেলেছে এবং ম্যাচ নিয়ন্ত্রণে রেখেছিল।
গ্রুপ রানার্সআপ হওয়ায় সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। মিশু জানিয়েছেন, তারা ধাপে ধাপে এগোতে চান এবং নেপালের আগের তিন ম্যাচের খেলা বিশ্লেষণ করে সেমির কৌশল সাজাবেন।
বাংলাফ্লো/এফআইআর






