বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে ভারতের মতো বাংলাদেশকেও রাশিয়ার কাছ থেকে তেল কেনার ক্ষেত্রে অস্থায়ী ছাড় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে সরকার। বুধবার (১১ মার্চ) যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠকের পর অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
রাশিয়ার তেল আমদানিতে নিষেধাজ্ঞার বিষয়ে ভারতকে যে ধরনের ছাড় দেওয়া হয়েছে, বাংলাদেশও নিজেদের জ্বালানি ও অর্থনৈতিক স্বার্থে একই রকম অস্থায়ী ছাড় চেয়েছে মার্কিন প্রশাসনের কাছে। এই আনুষ্ঠানিক অনুরোধ ইতোমধ্যে ওয়াশিংটনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় এই প্রসঙ্গটি গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হয়েছে। দেশের অর্থনীতির জন্য শক্তিশালী সমর্থন প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, “আমরা বলেছি, যদি ভারতের জন্য এমন সুযোগ থাকে, তাহলে বাংলাদেশও সেই সুযোগ পাওয়া উচিত। তারা জানিয়েছে, অনুরোধটি ওয়াশিংটনে পাঠানো হবে। দেখা যাক কী হয়।”
বৈঠকে কেবল রাশিয়ান তেলের বিষয়টিই নয়, এর পাশাপাশি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সম্ভাব্য দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি, জ্বালানি খাতে সহযোগিতা, নতুন বিনিয়োগ এবং সরকারি সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধির নানা উদ্যোগ নিয়েও বিশদ আলোচনা হয়েছে।
বাংলাফ্লো/এফআইআর





