এশিয়ান কাপের বাছাইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পুরোদমে অনুশীলন করছে বাংলাদেশ। দলের সাথে যোগ দিয়েছেন ইংল্যান্ডের লেস্টার সিটিতে খেলা হামজা দেওয়ান চৌধুরী। নিজের দ্বিতীয় দিনের অনুশীলনের আগে সংবাদমাধ্যমে কথা বলেছেন দলের প্রাণভোমরা। জানিয়েছেন, বাংলাদেশের জয়ের খুব সম্ভাবনা আছে হংকং চায়নার বিপক্ষে।
হামজা বললেন, ‘বাংলাদেশে আমি তৃতীয়বার আসলাম। দলের সাথে, কোচের সাথে আমাদের সম্পর্ক ভালো। দেশের যেসব খেলোয়াড়রা ছিলেন, তারা তিন-চার সপ্তাহ ধরে কঠোর পরিশ্রম করছেন। দল নিয়ে আমার ভালো লাগতেছে এবং ইনশাআল্লাহ আমরা জিতব।’
‘আমাদের জয়ের খুব সম্ভাবনা আছে। কোচের সাথে কথা বলেছি, খেলোয়াড়দের সাথে কথা বলেছি। আমাদের দলে ট্যালেন্ট আছে, কঠোর পরিশ্রম আছে, আগ্রাসী মনোভাব আছে। হংকং চায়নার বিপক্ষে ইনশাআল্লাহ প্রথম জয় পাবো।’
‘এখানে আলাদা চাপ আছে। ওখানে আমরা সিটির জন্য খেলছি, সেটা এক ধরনের চাপ। সব বাংলাদেশি এখানে আমাদের দিকে তাকায়ে আছে, সেটা আরেক ধরনের চাপ। আমরা চাই ভালো করতে, সেটা আরও কঠিন হয়ে যায়। দুই দলের মধ্যে পার্থক্য হল অভিজ্ঞতা। প্রতিটি খেলায়ই আলাদা, প্রতিপক্ষ আলাদা। আশা করা যায় আমাদের পরিকল্পনা কাজে লাগবে।’ লেস্টার সিটি ও বাংলাদেশের হয়ে খেলার সময় কেমন অনুভব হয় এমন প্রশ্নে বলেন হামজা।
সিঙ্গাপুরের বিপক্ষে হারা ম্যাচ নিয়ে হামজা বললেন, ‘সিঙ্গাপুরের বিপক্ষে আমাদের পরিকল্পনা কাজ করেনি। তাদের বিপক্ষে আমরা ২ গোল হজম করেছিলাম। ডিফেন্সে আরও ভালো করলে আমরা গোল হজম করতাম না, শেষের দিকের পেনাল্টিটা পেলে ভালো হতো। এভাবেই ফুটবল খেলা হয়। অনেক সময় ম্যাচের কোনকিছুই নিয়ন্ত্রণ করতে পারবেন না, মাঝে মাঝে এমনটা হয়। বিশ্বাস করি কোচ ও খেলোয়াড়রা একসাথে ভালো পরিশ্রম করছে। হ্যাঁ, হংকং আমাদের জন্য ভিন্ন চ্যালেঞ্জ, তবে বিশ্বাস করি আমরা জিততে পারব।’
৯ অক্টোবর রাত ৮টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। বাছাইয়ে গ্রুপ ‘সি’র বাকি দল সিঙ্গাপুর ও ভারত। দুই ম্যাচ শেষে এক ড্র ও এক হারে ১ পয়েন্ট নিয়ে টেবিলে তিনে আছে বাংলাদেশ। শীর্ষে সিঙ্গাপুর, দুইয়ে হংকং। টেবিলের তলানির দল ভারত।


