স্পোর্টস ডেস্ক
ঢাকা: সাফ ফুটসালের অভিষেক আসরেই ইতিহাস গড়ল বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাবিনা খাতুনের দল।
রোববার (২৫ জানুয়ারি) ব্যাংককের ননথাবুরি হলে শিরোপা নিশ্চিত করতে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের।
ম্যাচের শুরুতে অবশ্য গোল খেয়ে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। কিন্তু সেই গোল হজম করার পরই যেন ঘুম ভাঙে সাবিনাদের। এরপর প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুনের হ্যাটট্রিকসহ দলের গোলবন্যা থামে ১৪-২ স্কোরে।
শিরোপার পথে সাবিনাদের দাপট: টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ছিল বাংলাদেশ। তাদের যাত্রা ছিল এমন—
ভারত: ৩-১ গোলে জয়।
ভুটান: ৩-৩ গোলে ড্র।
নেপাল: ৩-০ গোলে জয়।
শ্রীলঙ্কা: ৬-২ গোলে জয়।
পাকিস্তান: ৯-১ গোলে জয়।
শেষ ম্যাচে মালদ্বীপকে ১২ গোলের ব্যবধানে হারিয়ে প্রথম আসরেই দক্ষিণ এশিয়ার ফুটসালের শ্রেষ্ঠত্ব নিজেদের করে নিল লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাফ্লো/এফআইআর






