বিদ্যুৎ আমদানির বিপরীতে বিদেশে অর্থ পাঠানোর বিধান সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলো সরকার অনুমোদিত আন্তঃসীমান্ত বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় বিদেশি সরবরাহকারীর কাছে অর্থ পাঠাতে পারবে–এর জন্য আর আলাদা করে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে না।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ–সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে।
সার্কুলারে বলা হয়, সিদ্ধান্তটির লক্ষ্য হলো জাতীয় গ্রিডের মাধ্যমে আমদানি করা বিদ্যুতের মূল্য পরিশোধ প্রক্রিয়াকে আরও সহজ করা। এটি কেবল সরকার অনুমোদিত দ্বিপাক্ষিক বিদ্যুৎ ক্রয় ব্যবস্থার ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
তবে ব্যাংকগুলোকে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, গ্রাহক যাচাই, অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ–সংক্রান্ত সব নীতিমালা মেনে চলতে হবে এবং বাংলাদেশ ব্যাংকে নিয়মিত প্রতিবেদন দাখিল করতে হবে।
সার্কুলারে আরও বলা হয়েছে, যেসব ক্ষেত্রে বিদ্যুৎ আমদানিতে শুল্ক–সংক্রান্ত আনুষ্ঠানিকতা প্রয়োজন, সেখানে প্রচলিত আমদানি প্রক্রিয়ার মাধ্যমে অর্থ পরিশোধ করা যাবে।
বাংলাদেশ ব্যাংক মনে করছে, এই পদক্ষেপ আন্তঃসীমান্ত বিদ্যুৎ আমদানির আর্থিক লেনদেন প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।


