ওয়ানডেতে টানা চতুর্থ সিরিজে হার দেখেছে বাংলাদেশ। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ৩-০তে হোয়াইটওয়াশ হয়েছে টিম টাইগার্স। তাদের বিপক্ষে লড়াইও জমাতে পারেনি মেহেদী হাসান মিরাজের দল। হতশ্রী পারফরম্যান্সের স্মৃতি অবশ্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ভুলে যেতে চান বাংলাদেশ কোচ ফিল সিমন্স।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে শনিবার। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে লড়াই। আগেরদিন সংবাদ সম্মেলনে আসেন ফিল সিমন্স।
বাংলাদেশ কোচ বলেন, ‘আমার মনে হয়, শেষ সিরিজের মতো একটি সিরিজের পর যা করার আছে তা হল, এটাকে ভুলে যাওয়া। কিন্তু আমরা জানি, আমরা এরচেয়েও ভালো খেলতে পারি। যা হয়েছে তা সাময়িক। আজ যখন অনুশীলন করেছি, তখন এমনভাবে অনুশীলনের চেষ্টা করেছি, যেটা আমাদের আগামীকালের জন্য এগিয়ে রাখবে। যা হয়েছে তা মুছে ফেলার জন্য অনুশীলন দরকারি নয়, সেটা অতীত। আগামীকাল আমরা কীভাবে খেলব তার উপর মনোযোগ দিচ্ছি।’
শ্রীলঙ্কার বিপক্ষে ভানিডু হাসারাঙ্গা এবং আফগানিস্তানের বিপক্ষে রশিদ খানের মতো লেগ স্পিনারকে খেলতে হিমশিম খেয়েছে টিম টাইগার্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মতো বোলারের মুখোমুখি হতে হবে না মিরাজদের। বিষয়টি স্বস্তি হিসেবে দেখছেন সিমন্স।
‘যা ঘটেছে তার কারণে, এটিকে স্বস্তি হিসেবে দেখতে পারেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এখনও দু-তিনজন ভালোর মানের স্পিনার আছে যারা বিশ্ব র্যাঙ্কিংয়ে উপরে আছে। তাদের নিয়ে ভাবতে হবে। রশিদ খান যে নাই, তা অবশ্যই স্বস্তির, এই সত্যটি অস্বীকার করতে পারি না।’
অবশ্য সিমন্স মনে করছেন না লেগ স্পিনারদের মোকাবেলায় টাইগার ব্যাটারদের অতিরিক্ত সংগ্রাম করতে হয়। বলেছেন, ‘এমন না, আমি কেবল শেষ সিরিজের জন্য এমন বলব, কারণ আমরা শ্রীলঙ্কার বিপক্ষে বহুবার খেলেছি এবং আমরা হাসারাঙ্গার বিপক্ষে খেলেছি। আমরা এশিয়া কাপে তাদের হারিয়েছি। তাই এমনটা বলব না। বলব সবশেষ সিরিজে আমরা রশিদের বিপক্ষে খারাপ খেলেছি।’
আফগানিস্তান সিরিজে ব্যাটারদের পারফরম্যান্স ছিল হতশ্রী। বিশেষ করে মিডলঅর্ডারে কোন জুটিই দাঁড়াতে পারেনি। সিমন্স জানালেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সেটি নিয়ে চেষ্টা করছে টিম টাইগার্স।
‘আমাদের একটি খারাপ সিরিজ ছিল যেখানে মিডলঅর্ডারে পার্টনারশিপ করতে পারিনি। আমরা জুটি করেছিলাম এবং তারপর মাঝের দিকটা ভেঙে পড়ে। আমরা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। ১০১ রানে রানআউট, তারপর ছয়টি উইকেট হারাাই। আমাদের মিডলঅর্ডারে জুটি দরকার। ছেলেরা যতটা সম্ভব তা নিয়ে কাজ করার চেষ্টা করছে। সবশেষ সিরিজটি আমাদের ব্যাটারদের জন্য খারাপ ছিল। আমাদের শক্তিশালীভাবে ফিরে আসতে হবে।’


