বিনোদন ডেস্ক
ঢাকা: বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সোমবার পারিবারিকভাবে মডেল এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শুভংকর সেনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন তিনি। গায়িকা নিজেই গণমাধ্যমে তাঁর বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিজের নতুন জীবন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পূজা জানান, শুভংকরের সঙ্গে তাঁর দীর্ঘদিনের পরিচয় ছিল। তিনি বলেন, “গত এক বছর ধরে আমাদের পরিচয় এবং দারুণ বন্ধুত্ব ছিল। অবশেষে গতকাল আমরা পারিবারিকভাবে বিয়ে করেছি। সবার কাছে আমাদের জন্য আশীর্বাদ চাই।”
পূজার স্বামী শুভংকর সেন পেশায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকার পাশাপাশি মডেলিংয়ের সঙ্গেও যুক্ত।
এর আগে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি মডেল অর্ণব দাস অন্তুকে বিয়ে করেছিলেন পূজা। চার বছরের দাম্পত্য জীবনের পর, ২০২১ সালের ডিসেম্বরে তাঁদের বিচ্ছেদ ঘটে। সেই বিচ্ছেদের তিক্ততা ভুলে অবশেষে নতুন করে জীবন শুরু করলেন এই সংগীত তারকা।
বাংলাদেশের সংগীত অঙ্গনে বাঁধন সরকার পূজা অত্যন্ত জনপ্রিয়। ইউটিউবে তাঁর গাওয়া ১০টিরও বেশি গান কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। তাঁর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে— ‘তুমি দূরে দূরে আর থেকো না’, ‘সাত জনম’, ‘এত কাছে’, ‘চুপি চুপি’, ‘একটাই তুমি’, ‘শোন না’, ‘কেন বারে বারে’ ইত্যাদি।
বাংলাফ্লো/এফআইআর






