বিনোদন ডেস্ক
ঢাকা: মেগাস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘রকস্টার’-এ কোনো পাকিস্তানি নায়িকা থাকছেন না। সম্প্রতি ছড়িয়ে পড়া এই গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সিনেমাটির পরিচালক আজমান রুশো। আগামী মাসেই শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটির শুটিং।
সম্প্রতি গুঞ্জন ওঠে যে, শাকিব খানের বিপরীতে ‘রকস্টার’ সিনেমায় পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির অভিনয় করতে পারেন। এ প্রসঙ্গে নির্মাতা আজমান রুশো গণমাধ্যমকে স্পষ্ট জানান, “রকস্টারের গল্প বাংলাদেশের, ভাষাও বাংলার; এখানে পাকিস্তানি নায়িকা কেন থাকবে? আমরা এটা শুরুতেও ভাবিনি। যেটি ছড়িয়েছে, তার পুরোটাই ভিত্তিহীন।”
এর আগে শাকিব খান নিজে হানিয়া আমিরের সঙ্গে একটি সিনেমায় অভিনয়ের বিষয়ে আলোচনা চলার কথা জানিয়েছিলেন। এ বিষয়ে রুশো বলেন, “শাকিব ভাই আগামীতে অনেক সিনেমা করবেন। হয়তো তার অন্য কোনো সিনেমার ক্ষেত্রে তিনি সেটি বলেছিলেন। কিন্তু ‘রকস্টার’-এ পাকিস্তানি নায়িকার কোনো সম্ভাবনা নেই।”
আগামী ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে নির্মিতব্য এই সিনেমায় শাকিব খানকে ঢাকার এক তরুণের চরিত্রে দেখা যাবে। সিনেমাটির গল্প মূলত দেশীয় সংস্কৃতিকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। উল্লেখ্য, জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা আজমান রুশো ‘রকস্টার’-এর মাধ্যমেই প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণে হাত দিচ্ছেন, যা নিয়ে শাকিব-ভক্ত ও সাধারণ দর্শকদের মাঝে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ






