‘আওয়ামী লীগ গণতন্ত্রের মুখোশ পড়া একটি মাফিয়া ফ্যাসিস্ট শক্তি ছিল’: সালাহউদ্দিন
বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণহত্যায় দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের রায় অবশ্যই বাস্তবায়ন হবে। তিনি বলেন, “এ দেশের মানুষ দেখুক এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যাতে এটি মাথায় রাখে যে, এই দেশে স্বৈরাচারের কোনো জায়গা নেই, ফ্যাসিবাদের কোনো জায়গা নেই।”
শনিবার (২২ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ প্রজন্মের অতন্দ্র প্রহরী শীর্ষক’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ কখনো এ দেশের রাজনৈতিক দল ছিল না, বরং “গণতন্ত্রের মুখোশ পড়া একটি মাফিয়া ফ্যাসিস্ট শক্তি ছিল”। তিনি বলেন, “যারা গণতন্ত্র হত্যা করবে তাদের এ পরিণতি হবে।”
সালাহউদ্দিন আহমদ বলেন, শত-সহস্র শহীদের রক্তের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা ছিল— এই দেশ একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হোক, যা বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা থেকে মুক্ত। তিনি সতর্ক করে দেন, “আমরা যদি জনপ্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হই… এ দেশে আবার ফ্যাসিবাদী রাজনীতির উৎপত্তি হতে পারে।”
সমাবেশে বিএনপির ঢাকা-৬ আসনের মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, শেখ হাসিনা “গুপ্ত সন্ত্রাসীদের দিয়ে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছেন।” তিনি দাবি করেন, “বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না।”
সমাবেশটির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম।
বাংলাফ্লো/এফআইআর






