বরগুনার পাথরঘাটায় আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যার পর থেকে রাত আটটা পর্যন্ত এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, হামলায় পাথরঘাটা উপজেলা বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এম এ খালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, পৌর কাউন্সিলর মোস্তাফিজুর রহমান সোহেল ও মোসাফ্ফের হোসেন বাবুলসহ আরও বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার বাড়ি লক্ষ্য করে ভাঙচুর চালানো হয়।

হামলায় বেশ কয়েকটি বাড়ির দরজা-জানালা, আসবাবপত্র ও কাঁচের সামগ্রী ভাঙচুর করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, বড় কোন হামলার ঘটনা ঘটেনি। দু’চারটি ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। খবর পেয়ে নৌবাহিনী এবং পুলিশ তাৎক্ষণিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিএনপিপন্থী কিছু লোক এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে আমরা জানতে পেরেছি।

