বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরা কার্যালয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন।
বৈঠক শুরুতেই হাইকমিশনার ডা. শফিকুর রহমানের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।
এ বৈঠক অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। ডেপুটি হাইকমিশনার ক্লিন্টন পোবকে, পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি আনা পিটারসনসহ চারজন প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন।
জামায়াতের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানের সঙ্গে ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও মিডিয়া প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, এবং কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মাওলানা ইয়াসিন আরাফাত।


