জেলা প্রতিনিধি
ঝিনাইদহ: ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বর্তমান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, আগামী ২৮ ডিসেম্বর সরকারি পদ থেকে অব্যাহতি নিয়ে তিনি পুরোদমে নির্বাচনী মাঠে নামবেন।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে শৈলকুপা উপজেলা বিএনপির উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
মো. আসাদুজ্জামান বলেন, “দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করব। আগামী ২৮ ডিসেম্বর পদত্যাগ করার পর দিন-রাত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করব।” তিনি আরও জানান, তার নির্বাচনী মূল লক্ষ্য হবে এলাকার উন্নয়ন নিশ্চিত করা এবং সন্ত্রাস নির্মূল করা।
নির্বাচনী প্রচারণায় ধর্মের অপব্যবহার নিয়ে সতর্ক করে অ্যাটর্নি জেনারেল বলেন, “জান্নাত-জাহান্নামের ফয়সালা মানুষের হাতে নয়। ভোটের জন্য ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করা ঠিক নয়।” এ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে তিনি দলীয় নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানোর আহ্বান জানান।
দোয়া মাহফিল ও নির্বাচনী মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কী এবং সহ-সাধারণ সম্পাদক বাবলু মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাংলাফ্লো/এফআইআর






