দুর্গাপূজাকে ঘিরে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পূজায় অসুরের মুখে দাড়ি দিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীর ইন্ধন ছিল। তারা সফল হয়নি।
রোববার (৫ অক্টোবর) সকালে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, দেশের মোট ৭৯৩টি মণ্ডপে অসুরের মুখে দাড়ি সংযোজনের ঘটনা ঘটেছে, তবে তা দিয়ে সাম্প্রদায়িক বিভেদ উসকে দেওয়ার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, সরকার এ ধরনের অপচেষ্টাকে প্রতিহত করতে সতর্ক অবস্থানে ছিল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে।
খাগড়াছড়ির সাম্প্রতিক আলোচিত ধর্ষণ অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, মেডিকেল পরীক্ষায় ওই অভিযোগের কোনো আলামত পাওয়া যায়নি। এ প্রেক্ষিতে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা সবাইকে গুজব ও বিভ্রান্তি থেকে বিরত থাকার আহ্বান জানান এবং পূজার সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।


