বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: অবৈধ ও আনঅফিসিয়াল মোবাইল ফোন বন্ধে ‘এনইআইআর’ কার্যক্রম চালুর প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভবনে ভাঙচুর চালিয়েছে মোবাইল ফোন ব্যবসায়ীদের একটি ক্ষুব্ধ পক্ষ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে এই হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত হস্তক্ষেপ করে সেনাবাহিনী এবং ঘটনাস্থল থেকে ২৬ জনকে আটক করে।
বিকেলে একদল মোবাইল ব্যবসায়ী বিটিআরসি ভবনে অতর্কিত হামলা চালায় ও ভাঙচুর করে। খবর পেয়ে শেরেবাংলা নগর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের সেনাসদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, বিশৃঙ্খলা ও ভাঙচুরের অভিযোগে ২৬ জনকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের শেরেবাংলা নগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিটিআরসির একজন কর্মকর্তা জানান, বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে দেশে আনুষ্ঠানিকভাবে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (এনইআইআর) ব্যবস্থা চালু হয়েছে। এর ফলে অবৈধ পথে আসা বা আনঅফিসিয়াল হ্যান্ডসেট দেশের মোবাইল নেটওয়ার্কে আর সচল হবে না। এতে অবৈধ ফোনের ব্যবসায় ধস নামার আশঙ্কায় একটি স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ হয়ে এই হামলা চালিয়েছে।
সেনাবাহিনীর অভিযানে আটককৃতদের মধ্যে রয়েছেন—মো. সাব্বির, মো. শাহিন, মো. রিফাত, মো. মঈন, মো. অনিক, মো. তারেক, মো. হানিফ, মো. রাব্বি, মো. সোহানুল, দীপক হাজরা, তারেক আজিজ, মো. সাজ্জাদ, মো. শিপন, মো. সিয়াম, মো. ওনেস ইমরান, মো. মনির, মো. হারিস, মো. মতিউর, রাজন শেখ, আবু সাদিক, মো. মামুন, মজিবর, মো. সালাউদ্দিন, মো. রাকিব, আমিনুল ইসলাম ও আ. সবুজ প্রমুখ।
বাংলাফ্লো/এফআইআর






