৩৪ বার সার্জারি শেষে ১২২ দিন পর ঘরে ফিরল আরিয়ান
বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: ভয়াবহ মাইলস্টোন বিমান দুর্ঘটনার শিকার হয়ে শরীরে ৪০ শতাংশেরও বেশি দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া কিশোর আরিয়ান, টানা ১২২ দিনের দীর্ঘ চিকিৎসা শেষে অবশেষে ঘরে ফিরেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে হাসিমুখে বাড়ি ফেরে এই ‘ছোট্ট যোদ্ধা’।
আরিয়ানের চিকিৎসার পুরো প্রক্রিয়াটি ছিল সংগ্রামময়। ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ নাসির উদ্দীন জানান, “আরিয়ানের কেস ছিল আমাদের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কেসগুলোর একটি। শুধু শারীরিক দগ্ধ নয়, মানসিক আঘাতও ছিল প্রচণ্ড।” জীবন বাঁচানোর প্রথম আট দিনসহ মোট আট দিন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে রাখতে হয়েছিল।
১২২ দিনে তার শরীরে ছোট-বড় মোট ৩৪টি অস্ত্রোপচার করা হয়। ত্বক প্রতিস্থাপন থেকে শুরু করে গ্রাফটিং— প্রতিটি ধাপেই মৃত্যু উঁকি দিয়েছে। তবু শিশুটির অদম্য ইচ্ছা এবং চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে সে নিজের পায়ে হেঁটে আজ বাড়ি ফিরেছে।
আরিয়ানের সুস্থ হয়ে বাড়ি ফেরায় তার মা, প্রেস কনফারেন্সে চোখের পানি ধরে রাখতে পারেননি। তিনি বলেন, “আমি ভেবেছিলাম আমার ছেলেকে আর ফিরে পাব না। ও যতদিন ছিল না, আমার বাসার দরজা বন্ধ ছিল। আজ তা খুলে গেল।”
নিজের এই সফল লড়াইয়ের পর আরিয়ানও রয়েছে দারুণ ফুর্তিতে। সে জানিয়েছে, সে খুব ভালো অনুভব করছে এবং নিজের অসুস্থতা নিয়ে একদমই ভাবতে চায় না। তার সবচেয়ে বড় স্বপ্ন হলো ফুটবল খেলা। সে বলে, “আমি চাই আমি তাড়াতাড়ি সুস্থ আবার আগের মত ফুটবল খেলব।”
ডা. নাসির উদ্দীন জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ আরিয়ানকে ছুটি-পরবর্তী ফলোআপসহ সব নির্দেশনা দিয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






