বিনোদন ডেস্ক
ঢাকা: গত বছর ঈদে মুক্তি পাওয়া আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত সিনেমা ‘নীলচক্র’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ তোলপাড় শুরু হয়েছে। মূলত ইউটিউবে ‘চক্রব্যূহ’ নামে ১ ঘণ্টা ৫১ মিনিটের একটি সিনেমা প্রকাশ পাওয়ার পর এই বিভ্রান্তির সৃষ্টি হয়। দর্শকরা এটিকে শুভ-মন্দিরা জুটির নতুন সিনেমা ভেবে দেখতে শুরু করলেও পরে বুঝতে পারেন, এটি আসলে তাদের আগের সিনেমা ‘নীলচক্র’-এর একটি এডিটেড সংস্করণ। তবে অবাক করা বিষয় হলো, বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমাটির ভাষা বদলে পুরোপুরি কলকাতার ঢঙে ডাবিং করা হয়েছে এবং কিছু কিছু দৃশ্যেও পরিবর্তন আনা হয়েছে।
বিনা অনুমতিতে সিনেমাটি ইউটিউবে প্রকাশের ঘটনায় হতভম্ব খোদ পরিচালক মিঠু খান। তিনি জানান, ইউটিউবে এমন সংস্করণের কথা তিনি জানতেনই না এবং কোনো চ্যানেলের কাছে কপিরাইটও বিক্রি করেননি। বিষয়টি জানার পর তিনি বলেন, ‘এটা কীভাবে ইউটিউবে মুক্তি পেল আমি জানি না। আমাদের না জানিয়ে কে বা কারা এটি করেছে, তা আমরা খুঁজে বের করব এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেব।’ সিনেমাটির ডিজিটাল সংস্করণ পরিচালক বা প্রযোজনা সংস্থার বাইরে অন্য কারও কাছে থাকার কথা নয়। তবে পরিচালক সন্দেহ প্রকাশ করে জানান, সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ কলকাতায় হয়েছিল, তাই সেখানে একটি কপি ছিল। ধারণা করা হচ্ছে, ল্যাবে কাজের সঙ্গে যুক্ত কেউ তাদের অজান্তে এটি ইউটিউবে লিক করে দিয়েছে। এভাবে সিনেমাটি পাইরেটেড হওয়ার কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার কথা উল্লেখ করে পরিচালক দ্রুত ভিডিওটি সরিয়ে ফেলার ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ



