এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: অস্কারজয়ী কিংবদন্তি সুরকার এ আর রাহমান এক নতুন বিতর্কে জড়িয়েছেন। নারী নির্যাতন এবং শিশুদের যৌন হয়রানি বিরোধী ‘পকসো’ (POCSO) আইনে অভিযুক্ত কোরিওগ্রাফার শাইক জানি বাশারের সঙ্গে একটি নতুন সিনেমায় কাজ করতে গিয়েই, তিনি নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন। সম্প্রতি, জানি বাশারের সঙ্গে এ আর রাহমানের একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই এই নিন্দার ঝড় শুরু হয়।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, জাহ্নবী কাপুর ও রাম চরণ অভিনীত নতুন সিনেমা ‘পেদ্দি’ (Peddi)-এর ‘চিকিরি চিকিরি’ গানের সংগীত পরিচালনার দায়িত্বে আছেন এ আর রাহমান। আর এই গানটির নৃত্য পরিচালনার (কোরিওগ্রাফি) দায়িত্বে আছেন জানি বাশার।
কোরিওগ্রাফার জানি বাশার নিজেই উচ্ছ্বাস প্রকাশ করে এ আর রাহমানের সঙ্গে ছবিটি পোস্ট করেন। তিনি লেখেন, “তার গান শুনেই বড় হয়েছি। আজ তার সুর করা গানে আমি কোরিওগ্রাফি করব। এ এক পরম প্রাপ্তি আমার জীবনের।”

কিন্তু এই ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তাঁরা জানি বাশারের বিতর্কিত অতীতকে সামনে নিয়ে আসেন।
উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরে (গত বছর) গোয়ায় এক নাবালিকা সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে জানি বাশারকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয় এবং পকসো আইনের আওতাতেও অভিযোগ আনা হয়।
নেটিজেনরা এখন এ আর রাহমানের বিচক্ষণতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকেই মন্তব্য করেছেন, যিনি (রাহমান) অতীতে ‘মি টু’ (#MeToo)-তে অভিযুক্ত অভিনেতাদের সঙ্গে কাজ করা থেকে বিরত ছিলেন, তিনি কীভাবে নারী নির্যাতন ও পকসো আইনে অভিযুক্ত একজন কোরিওগ্রাফারের সঙ্গে কাজ করতে রাজি হলেন?
বাংলাফ্লো/এফআইআর






