বিনোদন ডেস্ক
ঢাকা: দীর্ঘ বিরতি ভেঙে বড় পর্দায় ফেরার পর এবার ওটিটি প্ল্যাটফর্মেও ঝড় তুলতে প্রস্তুত ঢালিউড কুইন অপু বিশ্বাস। কামরুজ্জামান রোমান পরিচালিত নতুন ওয়েব ফিল্ম ‘শিকার’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। রেজা ফিল্মসের ব্যানারে নির্মিতব্য এই সিনেমার শুটিং হবে হিমালয় কন্যা নেপালে।
পরিচালক কামরুজ্জামান রোমান জানান, ওয়েব ফিল্মটির প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। আব্দুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে এটি একটি ভিন্নধর্মী কাজ হতে যাচ্ছে। আগামী মার্চ মাসে পুরো ইউনিট নিয়ে নেপালে উড়াল দেবেন নির্মাতা। সিনেমার বড় অংশের দৃশ্যধারণ হবে সেখানেই।
‘শিকার’-এ অপু বিশ্বাসের বিপরীতে দেখা যাবে অভিনেতা পলাশকে। এছাড়া রাশেদ মামুন অপু ও বড়দা মিঠুসহ আরও অনেক জনপ্রিয় মুখ এতে অভিনয় করবেন।
নতুন কাজ নিয়ে বেশ উচ্ছ্বসিত অপু বিশ্বাস। পরিচালক সম্পর্কে তিনি বলেন, ‘কামরুজ্জামান রোমান খুবই মেধাবী একজন নির্মাতা। গল্প ও নির্মাণ—দুটো দিকেই তিনি অনেক যত্ন নেন। আশা করি সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।’
ওয়েব ফিল্ম ছাড়াও অপু বিশ্বাস বর্তমানে দুটি সিনেমার কাজে ব্যস্ত সময় পার করছেন। বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ এবং কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’ সিনেমার শুটিং চলছে পুরোদমে।
বাংলাফ্লো/এফআইআর






