বিনোদন ডেস্ক
ঢাকা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও পর্দায় ফিরছেন স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের দাপুটে অফিসার অনিমেষ দত্ত। সম্প্রতি কলকাতায় এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে মুক্তি পেল জনপ্রিয় ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-এর সিক্যুয়েল ‘আবার প্রলয় ২’-এর ট্রেলার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরিজের পরিচালক রাজ চক্রবর্তী এবং প্রধান অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়সহ অন্যান্য কলাকুশলীরা।
ট্রেলার উন্মোচন শেষে একটি বিশেষ কেক কাটার আয়োজন করা হয়, যেখানে ঘটে যায় এক মজার ঘটনা। কেকের ওপর শাশ্বতের অভিনীত ‘অনিমেষ দত্ত’ চরিত্রের ছবি থাকায় রসিকতা করে এই অভিনেতা বলেন, “নিজের গলায় ছুরি চালাতে পারব না আমি।” পরে অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও পরিচালক রাজ চক্রবর্তী মিলে কেকটি কাটেন।
ট্রেলারের শুরুতে অনিমেষ দত্তের আর কাজে না ফেরার ইঙ্গিত দেওয়া হলেও, শহরের অপরাধ ও অরাজকতা রুখতে শেষ পর্যন্ত তাকে মাঠে নামতেই হয়। এবারের গল্পে কেবল ডাকাতি নয়, বরং এর আড়ালে থাকা ভয়ংকর মাদক ব্যবসার মূল উৎপাটন করতে দেখা যাবে অনিমেষ ও তার টিমকে। শাশ্বত চট্টোপাধ্যায় ছাড়াও এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, রোহন ভট্টাচার্য, পার্থ ভৌমিক ও জুন মালিয়া। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের একটি নাচের দৃশ্য এবং শাড়ি পরে সৌরসেনী মৈত্রের শ্বাসরুদ্ধকর অ্যাকশন স্টান্ট।
বাংলাফ্লো/এম এইচ এইচ






