বিনোদন ডেস্ক
ঢাকা: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার ও তার স্ত্রী টুইঙ্কল খান্না। সোমবার (১৯ জানুয়ারি) রাতে মুম্বাইয়ের জুহু এলাকায় তাদের নিরাপত্তা বহরের (কনভয়) গাড়িতে একটি বেপরোয়া অটোরিকশা ধাক্কা দিলে এই বিপত্তি ঘটে। এতে নিরাপত্তাকর্মীদের বহনকারী গাড়িটি উল্টে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন এই তারকা দম্পতি। জুহুর কাছাকাছি পৌঁছালে একটি দ্রুতগতির অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কনভয়ের সামনের একটি বিলাসবহুল গাড়িতে সজোরে ধাক্কা মারে। এতে গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়। তবে অক্ষয় ও টুইঙ্কল পেছনের গাড়িতে থাকায় তারা অক্ষত অবস্থায় রক্ষা পান।
দুর্ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অটোচালক ও এক যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। ক্ষতিগ্রস্ত গাড়ি ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতির কারণেই অটোচালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। প্রকৃত কারণ জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর অক্ষয় ও টুইঙ্কলকে কড়া নিরাপত্তায় নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
বাংলাফ্লো/এফআইআর






