বিনোদন ডেস্ক
ঢাকা: চেক বাউন্স সংক্রান্ত মামলায় বড়সড় বিপাকে পড়লেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব। ৫০ লাখ রুপি পরিশোধের জন্য সময় বাড়ানোর আবেদন দিল্লি হাইকোর্ট খারিজ করে দেওয়ায় তাকে তিহার জেলে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ মেনে গত ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেল ৪টার দিকে তিনি জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন।
ঘটনার বিবরণে জানা যায়, ঋণের টাকা পরিশোধের জন্য রাজপাল যাদবের আইনজীবী আদালতের কাছে আরও এক সপ্তাহ সময় চেয়েছিলেন। কিন্তু গত ৪ ফেব্রুয়ারি বিচারপতি স্বর্ণা কান্তা শর্মা সেই আবেদন নাকচ করে দেন এবং জানান, সময় বাড়ানোর পক্ষে কোনো আইনি ভিত্তি নেই। এর আগে ২ ফেব্রুয়ারি আদালত তাকে ৪ ফেব্রুয়ারির মধ্যে জেল কর্তৃপক্ষের সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল।
মামলাটি মূলত একটি চলচ্চিত্র নির্মাণের জন্য নেওয়া ৫ কোটি রুপির ঋণ পরিশোধে ব্যর্থতা নিয়ে। এই অভিযোগে ২০১৮ সালে রাজপালকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। যদিও ২০২৪ সালের জুনে হাইকোর্ট শর্তসাপেক্ষে তার সাজা স্থগিত করে বাদীপক্ষের সঙ্গে সমঝোতার সুযোগ দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা ফলপ্রসূ হয়নি। ‘ভুলভুলাইয়া’, ‘হাঙ্গামা’, ‘চুপ চুপ কে’ ও ‘ঢোল’-এর মতো সিনেমায় দর্শকদের হাসানো এই অভিনেতার জেল হওয়ার খবরে বলিউডপাড়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ






