বিনোদন ডেস্ক
ঢাকা: জন্মদিনে নিজেকে নতুন কোনো উপহার দেওয়ার মধ্যে এক অন্যরকম আত্মতৃপ্তি কাজ করে। হয়তো এমন অনুভূতি কাজ করেছে বলিউড তারকা অজয় দেবগনের মাঝেও। গত ২ এপ্রিল ৫৬ পেরিয়ে ৫৭-তে পা রাখলেন এই নায়ক। আর বিশেষ এই দিনে নিজেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জ উপহার দিয়েছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের খবর, ভি-ক্লাস মডেলের এই গাড়িটির দাম আনুমানিক ১ কোটি ৮০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা)। নতুন এই গাড়ি কেনার মাধ্যমে শাহরুখ খান ও ক্রিকেটার হার্দিক পান্ডিয়াদের মতো তারকাদের তালিকায় যুক্ত হলেন তিনি। গাড়ি বিলাসী হিসেবে অজয়ের আগে থেকেই পরিচিতি রয়েছে। তার গ্যারেজে রোলস-রয়েস কুলিনান, মার্সিডিজ-মেব্যাচ জিএলএস-৬০০, বিএমডব্লিউ এক্স-সেভেন এবং বিএমডব্লিউ সেভেন সিরিজের মতো দামি সব গাড়ি রয়েছে।
এদিকে অজয়ের জন্মদিনে সামাজিক মাধ্যমে মজার ছলে শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রী ও অভিনেত্রী কাজল। তিনি লেখেন, ‘কেকের ওপর মোমবাতিগুলো এখন উদযাপনের চেয়ে আগুনের ঝুঁকির মতো বেশি মনে হচ্ছে। আমার মনে হয় তুমি সেই পর্যায়ে পৌঁছে গেছ। যা-ই হোক, শুভ জন্মদিন। তোমার জীবন কেকময় হোক।’ উল্লেখ্য, ১৯৯৯ সালে বিয়ের পর এই তারকা দম্পতির নিসা ও যুগ নামের দুই সন্তান রয়েছে। বর্তমানে ‘গোলমাল ফাইভ’ এবং ‘দৃশ্যম থ্রি’ সিনেমার কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন অজয়।
বাংলাফ্লো/এম এইচ এইচ






