বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার তারিখ আবারও পেছানো হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়া এবং তাঁর বর্তমান শারীরিক অবস্থা— এই দুই কারণে সাবেক প্রধানমন্ত্রীর লন্ডন যাত্রা তৃতীয়বারের মতো স্থগিত করা হলো।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ম্যাডামের লন্ডন যাত্রা পিছিয়েছে। এই মুহূর্তে নতুন করে কোনো তারিখ বলতে পারছি না। এয়ার অ্যাম্বুলেন্স আসার পরে যে কোনো দিনই উনাকে নেওয়া হবে।”
শারীরিক অবস্থা ও ফ্লাইং ফিটনেস:
বিএনপির একজন চিকিৎসক জানিয়েছেন, গত কয়েক দিন ধরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও কোনো উন্নতি হয়নি। এয়ার অ্যাম্বুলেন্সের বিলম্বের পাশাপাশি দীর্ঘ ভ্রমণের জন্য তাঁর শারীরিক সক্ষমতা বা ‘ফিটনেস টু ফ্লাই’ বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, কাতার সরকারের ব্যবস্থাপনায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ৬ ডিসেম্বর ঢাকায় অবতরণের কথা থাকলেও সময়সূচি পুনর্নির্ধারণ করে তা ৯ ডিসেম্বর করা হয়েছে। সে অনুযায়ী, ঢাকা থেকে ১০ ডিসেম্বর খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে উড়াল দেওয়ার প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে।
এর আগে শুক্রবার সকালে খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সের লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেয়। পরে শনিবার বা রবিবার যাওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই জানিয়েছিলেন, বিমান ছাড়ার বিষয়টি পুরোপুরি খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে।
বাংলাফ্লো/এফআইআর






