আহান-অনীত বলিউডের নেক্সট কাপল : করণ জোহর
এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বলিউডে নতুন করে গুঞ্জন উঠেছে অভিনেতা আহান পাণ্ডে ও অভিনেত্রী অনীত পাড্ডাকে ঘিরে। তাঁদের অভিনীত প্রথম ছবি ‘সাইয়ারা’র অনস্ক্রিন রসায়ন দর্শক মহলে যে কৌতূহল সৃষ্টি করেছিল, সম্প্রতি প্রখ্যাত নির্মাতা করণ জোহরের একটি মন্তব্যের পর সেই জল্পনা আরও তীব্র হয়েছে।
সম্প্রতি টেনিস তারকা সানিয়া মির্জার একটি শোতে অতিথি হয়ে আসেন করণ জোহর। সেখানে সানিয়া তাঁকে প্রশ্ন করেন, “বলিউডের পরবর্তী যুগল কারা হতে পারেন?” জবাবে করণ জোহর এক মুহূর্ত সময় না নিয়ে সরাসরি আহান পাণ্ডে ও অনীত পাড্ডার নাম বলেন।
সানিয়া তখন নিশ্চিত হতে জিজ্ঞেস করেন, “নেক্সট? তার মানে কি তারা ইতোমধ্যেই সম্পর্কে আছেন?” করণ জোহর প্রথমে হাসলেও মুহূর্তেই মুখের ভাব পাল্টে বলেন, “ওদের এই সম্পর্ক এখনও অফিসিয়াল নয়… মানে, যদি কিছু থাকে… আমি ঠিক জানি না।”
করণের এই মন্তব্যেই সামাজিক মাধ্যমে জল্পনার ঝড় ওঠে। নেটিজেনদের ধারণা, করণ জোহর হয়তো মুখ ফসকে তাঁদের সম্পর্কের বিষয়ে ইঙ্গিত দিয়ে ফেলেছেন।
জানা গেছে, ‘সাইয়ারা’ ছবির মুক্তির পর থেকেই আহান ও অনীতকে একাধিকবার একসঙ্গে দেখা গেছে এবং বিভিন্ন আড্ডা ও অনুষ্ঠানে তাঁদের ঘনিষ্ঠতা নজরে এসেছে ভক্তদের। বিশেষত, এই বছর অনীতের জন্মদিনের একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়— আহান তাঁকে কেক খাইয়ে দিচ্ছেন, যা দেখে বহু ভক্তই মন্তব্য করেছিলেন, “ইটস অফিসিয়াল!”
বাংলাফ্লো/এফআইআর






