বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: গণতান্ত্রিক রাষ্ট্রে কেবল প্রশাসনিক স্বচ্ছতাই যথেষ্ট নয়, বরং রাজনৈতিক সদিচ্ছা ও প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর সিরডাপে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং শাসন প্রক্রিয়া’ শীর্ষক সংলাপে বক্তারা এমন অভিমত ব্যক্ত করেন। এ সময় বক্তারা বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, সরকার এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে এবং উপদেষ্টাদের সম্পদের হিসাব না দেওয়ায় জনমনে আস্থাহীনতা তৈরি হচ্ছে।
সংলাপে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বর্তমান পরিস্থিতির তীব্র সমালোচনা করে বলেন, ‘এই সরকার এখন লাইফ সাপোর্টে রয়েছে। কোনো সরকারই কথা রাখেনি। ১২ তারিখের (নির্বাচন) পরে আমাদের জন্য আরও বিপর্যয় অপেক্ষা করছে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে।’ তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের চেয়ে রাজনৈতিক দলগুলোর সংস্কার বেশি জরুরি।
বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ অভিযোগ করে বলেন, ‘গত ১৮ মাসেও উপদেষ্টাদের সম্পদের হিসাব প্রকাশ করা হয়নি, যা আস্থাহীনতার বড় কারণ। বর্তমান সরকার বিগত সরকারের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করছে, কিন্তু অন্তর্বর্তী সরকারের দুর্নীতি নিয়েও শ্বেতপত্র প্রকাশ করা প্রয়োজন।’
বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘ট্রাম্প প্রশাসন কেন আমাদের দেশের একটি নির্দিষ্ট দলের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়, তা খতিয়ে দেখতে হবে।’ তিনি দ্বৈত নাগরিকত্বের বিষয়ে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘যার অন্য দেশের প্রতি আনুগত্য আছে, তিনি যেন এ দেশের রাষ্ট্রীয় দায়িত্বে না থাকেন, তা নিশ্চিত করতে হবে।’
সিজিএসের সভাপতি জিল্লুর রহমান বলেন, ‘রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি শুধু নির্বাচনী ভাষণে সীমাবদ্ধ থাকলে চলবে না। শাসন প্রক্রিয়ায় দুর্নীতি ও রাজনৈতিক পক্ষপাতিত্ব গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করে দেয়।’ অর্থনীতিবিদ সেলিম জাহান বলেন, ‘নির্বাচিত সরকার দলের নয়, দেশের সরকার হতে হবে। আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।’
এনবিআরের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মজিদ বলেন, ‘অতীতে সংসদ সদস্যদের সম্পদের বিবরণী প্রকাশের উদ্যোগ নেওয়া হলেও তা মাঝপথে বন্ধ হয়ে যায়। আগামী সরকারকে জনগণের সরকার হতে হবে।’ অন্যদিকে সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী বন্দর লিজ ও সামরিক কেনাকাটায় স্বচ্ছতার অভাবের অভিযোগ তোলেন।
সংলাপে আরও বক্তব্য রাখেন বিএনপির সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি, অধ্যাপক শহীদুল ইসলাম জাহিদ প্রমুখ।
বাংলাফ্লো/এফআইআর






