বিনোদন ডেস্ক
ঢাকা: দীর্ঘদিন অসুস্থ থাকার পর না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় অভিনেতা তিনু করিম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রাশেদ মামুন অপু বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ৮ নভেম্বর গ্রামের বাড়ি বরিশালে গিয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হলে এবং অক্সিজেনের মাত্রা কমে গেলে তাকে ঢাকায় এনে আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। সাময়িকভাবে সুস্থ হয়ে বাসায় ফিরলেও শেষ পর্যন্ত তিনি আর টিকতে পারেননি। দুই যুগের বর্ণাঢ্য ক্যারিয়ারে ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে তার যাত্রা শুরু হয়। ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটা এই অভিনেতা ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন। বিশেষ করে একটি মুঠোফোন অপারেটরের বিজ্ঞাপনের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ






