যুবদল নেতা কিবরিয়া হত্যা মামলার আসামি ডিবি হেফাজতে মারা গেছেন
বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা মামলার এক আসামি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর হেফাজতে মারা গেছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকালে এই মৃত্যুর ঘটনা ঘটে। এই ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ারের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান শুক্রবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।
ডিসি তালেবুর রহমান জানান, গত সোমবার (১৭ নভেম্বর) যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়। হত্যায় জড়িত তিনজনকে বৃহস্পতিবার (২০ নভেম্বর) শরীয়তপুর থেকে গ্রেপ্তারের পর, তাদের তথ্যের ভিত্তিতে মোক্তার হোসেন নামে আরেকজনকে পল্লবীর একটি গ্যারেজ থেকে আটক করা হয়।
ডিসি দাবি করেন, মোক্তার হোসেনকে আটকের সময় জনতা কিল-ঘুষি মারলে তিনি আহত হন। পরে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। রাত দেড়টার দিকে অসুস্থ বোধ করলে, তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক পরীক্ষা শেষে ছাড়পত্র পেলে, মোক্তারকে আবার ডিবি কার্যালয়ে ফিরিয়ে আনা হয়।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে তাঁকে খাবারের জন্য ডাকাডাকি করা হলে, কোনো সাড়া না পাওয়ায় দ্রুত ঢামেকে নেওয়া হয় এবং চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মোক্তার হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে, পুলিশ পল্লবীর একটি রিকশা গ্যারেজ থেকে আট রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে। তাঁর মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডিএমপি ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, আসামির ডিবি হেফাজতে মৃত্যুর ঘটনায় ডিএমপি তাৎক্ষণিক তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






