আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলার পালটা প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারের পরই ইউক্রেনজুড়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (২০ নভেম্বর) পরিচালিত এই ব্যাপক আক্রমণে অন্তত আটজন নিহত হয়েছেন এবং ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ অবকাঠামোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধ শুরুর পর থেকে এটিকে রাশিয়ার অন্যতম বৃহৎ আকাশ হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। রাতভর ইউক্রেনের রাজধানী কিয়েভে নিপ্রো নদীর ওপর নির্মিত তিনটি গুরুত্বপূর্ণ সেতু লক্ষ্য করেও হামলা চালানো হয়, যেগুলো শহরের দুই পাশের যোগাযোগ সচল রাখে। একের পর এক বিস্ফোরণের শব্দে পুরো কিয়েভ কেঁপে উঠলে প্রাণ বাঁচাতে বাসিন্দারা মেট্রোরেল স্টেশনগুলোতে আশ্রয় নিতে বাধ্য হন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এই অভিযানে রাশিয়া ৪০০টিরও বেশি ড্রোন এবং ১১০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে ২৭টি ছিল শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মূলত দেশের জ্বালানি, সরবরাহব্যবস্থা এবং রেল যোগাযোগ অবকাঠামো অচল করে দিতেই এসব হামলা চালানো হয়েছে।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি রাশিয়ার এই কৌশলকে ‘নৃশংস’ আখ্যা দিয়ে বলেন, পুতিন অত্যন্ত পরিকল্পিত ও প্রদর্শনমূলকভাবে এই হামলা চালিয়েছেন। সামরিক ও কূটনৈতিক ক্ষেত্রে নিজেদের ব্যর্থতা ঢাকতেই রাশিয়া মানুষের জীবন ও বেসামরিক স্থাপনার ওপর এমন সন্ত্রাস বেছে নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
জেলেনস্কি আরও উল্লেখ করেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো একের পর এক ঢেউয়ের মতো আছড়ে পড়ছিল এবং প্রতিটি হামলার মাঝখানে মাত্র ২০ থেকে ৩০ মিনিটের বিরতি ছিল। উল্লেখ্য, চলতি বছরে সম্মুখসমরে বড় অগ্রগতি না থাকলেও ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগারে এবং রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ ও পরিবহন খাতে আকাশপথে হামলা জোরদার করেছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












