জাতীয় ডেস্ক
ঢাকা: ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে আজ শনিবার (২১ নভেম্বর) রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদেও এ কর্মসূচি পালন করা হবে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, শনিবার দুপুর দেড়টায় ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও ঢাকা মহানগরী পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছিলেন।
ঘোষিত সেই ৪০ দিনের কর্মসূচির অংশ হিসেবেই আজ রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে মাঠের কর্মসূচি শুরু হচ্ছে, যা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। পর্যায়ক্রমে দেশের ১১টি মহানগর, সব জেলা সদর এবং উপজেলা ও থানা সদরেও অনুরূপ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












