জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিকট শব্দে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) ভোর ৫টার দিকে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিরা হলেন—শাহিন, তাঁর স্ত্রী লিমা পারভীন এবং তাঁদের এক আত্মীয়। ঘটনার পরপরই গুরুতর অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, ঘটনার সময় ফ্ল্যাটটির সব দরজা-জানালা বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, গ্যাসের চুলা খোলা থাকায় কিংবা গ্যাস লাইনের লিকেজ থেকে সারা রাত ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। ভোরে ঘুম থেকে উঠে চুলায় আগুন জ্বালাতে গেলেই মুহূর্তের মধ্যে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ফ্ল্যাটের দরজা-জানালা ও ঘরের আসবাবপত্র পুড়ে যায়। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন ও দগ্ধদের উদ্ধার করেন। এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল কাজ করছে এবং তদন্ত সাপেক্ষে বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানানো হবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












