জাতীয় ডেস্ক
ঢাকা: দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, জ্বালাও-পোড়াওসহ নানা অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি সবাইকে চোখ-কান খোলা রাখার পাশাপাশি কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
গত শনিবার ও রোববার পৃথকভাবে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। সংশ্লিষ্ট সূত্রের বরাতে যুগান্তর এ তথ্য জানিয়েছে।
দলীয় সূত্র অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শনিবার গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে খুলনা, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর অঞ্চলের দায়িত্বশীল নেতাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। সেখানে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকা, শরিক দলগুলোকে সঙ্গে রাখা এবং রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবেই মোকাবিলা করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতা করার নির্দেশ দেন।
একই দিন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকেও বিরাজমান পরিস্থিতিতে নিজ নিজ অবস্থান থেকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন এবং কোনো ধরনের উসকানি বা প্ররোচনায় না জড়াতে ছাত্রদল নেতাদের সতর্ক করেন তিনি।
এদিকে রোববার জাতীয় সংসদ অধিবেশনের বিরতির সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতারা। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না উপস্থিত ছিলেন। সাক্ষাতে তারেক রহমান বলেন, সরকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে সতর্ক রয়েছে; তাই তৃতীয় কোনো পক্ষ যাতে পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে বিষয়ে দলের নেতাকর্মীদেরও সজাগ থাকতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ










