আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: চরম নিরাপত্তা ঝুঁকি ও সংঘাতময় পরিস্থিতির কারণে নিজ দেশের নাগরিকদের জন্য মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ ভ্রমণে সর্বোচ্চ সতর্কতা বা ‘লেভেল-৪’ নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশগুলো হলো—ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন। কোনো অবস্থাতেই মার্কিন নাগরিকদের এসব দেশ ভ্রমণ না করার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক আনুষ্ঠানিক সতর্কবার্তায় মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, তালিকাভুক্ত ছয়টি দেশেই অভ্যন্তরীণ আইনশৃঙ্খলার চরম অবনতি, সশস্ত্র সংঘাত এবং মার্কিন নাগরিকদের নিরাপত্তা সহায়তা দেওয়ার সীমিত সক্ষমতার বিষয়টি বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, এসব স্থান অত্যন্ত বিপজ্জনক এবং সেখানে যাওয়া জীবনের জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে পারে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ তথ্যানুযায়ী, কেবল মধ্যপ্রাচ্যের এই ছয়টি দেশই নয়—আফগানিস্তান, রাশিয়া, ইউক্রেন, সুদান ও দক্ষিণ সুদানসহ বিশ্বের মোট ২৩টি দেশ বর্তমানে ওয়াশিংটনের সর্বোচ্চ ‘লেভেল-৪’ ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। এসব দেশে ভ্রমণকারী বা অবস্থানরত মার্কিন নাগরিকরা কোনো ধরনের আইনি বা প্রশাসনিক জটিলতায় পড়লে কূটনৈতিক সহায়তা পাওয়া অত্যন্ত দুরূহ হয়ে পড়বে।
আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা পুরোপুরি কেটে না যাওয়ায় আগেভাগেই নিজ দেশের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থানরত অনাবাসী আমেরিকানদের অবিলম্বে সতর্ক থাকার ও নিরাপদ আশ্রয়ে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












