বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর ফার্মগেট, মিরপুর, আদাবর, যাত্রাবাড়ী, সিএমএম আদালত এলাকা, বুয়েট, চানখারপুল, বনানী, গুলশান ও মহাখালীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে ফার্মগেট মেট্রো স্টেশন এলাকা ও মিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। একের পর এক এসব নাশকতার ঘটনায় রাজধানীজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চানখারপুলে ককটেল বিস্ফোরণে এক পথচারী আহত হয়েছেন এবং বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে কিছু সময়ের জন্য ফার্মগেট মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়। এর কিছুক্ষণ পর রাত ৯টার দিকে মিরপুর ১১ নম্বরে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাস দুটির আসন ও কাঠামোর ব্যাপক ক্ষতি হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এছাড়া তেজগাঁও শিল্পাঞ্চলে সাউথইস্ট ইউনিভার্সিটির সামনেও দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
এদিকে মধ্যরাতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ছড়িয়ে পড়ে ককটেল আতঙ্ক। রাত পৌনে ১২টার দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আহসানউল্লাহ হলের ১৩৭ নম্বর কক্ষের জানালার পাশে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে জানালার কাচ ভেঙে কক্ষের ভেতরে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে চরম ভীতি দেখা দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ অবিস্ফোরিত অবস্থায় আরও দুটি ককটেল উদ্ধার করে। এর কিছুক্ষণ পর রাত সাড়ে ১২টার দিকে চানখারপুলে জনতা ব্যাংকের ঢাকা মেডিকেল শাখার সামনে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়, এতে এক পথচারী আহত হন।
এছাড়া রাজধানীর বনানী পুলিশ ফাঁড়ি, মহাখালী-গুলশান সংযোগ সড়ক, টেকনিক্যাল মোড়, তিতুমীর কলেজ ফটক, উত্তরা বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ও মুগদা ওভারব্রিজসহ প্রায় এক ডজন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এসব নাশকতার ঘটনায় বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজনকে হাতেনাতে আটক করা হয়েছে। হাতিরঝিল থানার মগবাজার পুলিশ চেকপোস্টে ককটেল নিক্ষেপের চেষ্টার সময় চারজনকে আটক করে পুলিশ। এছাড়া সিএমএম আদালত এলাকা ও তুরাগে পাঁচজন এবং তিতুমীর কলেজের সামনে শিক্ষার্থীদের সহায়তায় একজনকে আটক করা হয়। তুরাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার নিয়ে মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। নগরজুড়ে নিরাপত্তা নিশ্চিতে রাত থেকেই টহল জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বাংলাফ্লো/এম এইচ এইচ










