বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: আজ ঐতিহাসিক ১০ নভেম্বর, বীর শহীদ নূর হোসেন দিবস। তৎকালীন সামরিক স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় ও রক্তস্নাত দিন এটি। ১৯৮৭ সালের আজকের এই দিনে তৎকালীন সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদের দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে তীব্র বিক্ষোভ প্রদর্শনকালে রাজধানীর জিরো পয়েন্ট (বর্তমান শহীদ নূর হোসেন স্কয়ার) এলাকায় পুলিশের নির্মম বুলেটের আঘাতে শাহাদাতবরণ করেন আওয়ামী যুবলীগের নির্ভীক কর্মী ও উদীয়মান নেতা নূর হোসেন।
যুবলীগের এই সাহসী কর্মী সেদিন জীবন্ত এক রাজনৈতিক পোস্টারে রূপ নিয়েছিলেন। স্বৈরতন্ত্রের শিকল ভাঙার প্রত্যয়ে নিজের বুকে ও পিঠে শ্বেতশুভ্র হরফে লিখেছিলেন ঐতিহাসিক স্লোগান—’স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’। খালি গায়ে রাজপথ কাঁপানো মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় জিরো পয়েন্টে তাকে লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়ে পুলিশ। বুলেটে তার বুক ঝাঁজরা হয়ে রাজপথ রক্তে রঞ্জিত হয়। নূর হোসেনের এই আত্মত্যাগের পর থেকে প্রতি বছর ১০ নভেম্বর দিনটি গণতন্ত্রপ্রেমী মানুষের কাছে ‘শহীদ নূর হোসেন দিবস’ এবং ‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবে ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়ে আসছে।
১৯৮৭ সালের রক্তঝরা সেই ১০ নভেম্বর যুবলীগ কর্মী নূর হোসেনের পাশাপাশি যুবলীগের আরেক প্রতিশ্রুতিশীল নেতা নূরুল হুদা বাবুল এবং কিশোরগঞ্জের বাজিতপুরের খেতমজুর নেতা আমিনুল হুদা টিটোও পুলিশের গুলিতে শহীদ হন। যুবলীগের এই ত্যাগী নেতাকর্মীদের তাজা রক্ত স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনকে দেশজুড়ে দাবানলের মতো ছড়িয়ে দেয়। ছাত্র-জনতা ও সকল রাজনৈতিক দলের সম্মিলিত প্রতিরোধে আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে। শেষ পর্যন্ত দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে এবং দেশে অবসান হয় স্বৈরশাসনের।
এদিকে দিনটিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করে থাকে জাতীয় পার্টি। দলটি দিনটিকে ‘গণতন্ত্র দিবস’ হিসেবে পালন করে আসছে। ১৯৮৬ সালের ১০ নভেম্বর জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জাতির উদ্দেশে ভাষণ দিয়ে সামরিক আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার স্মরণে তারা প্রতি বছর এই দিবসটি পালন করে থাকে। তবে মুক্তিকামী সাধারণ মানুষের কাছে যুবলীগ নেতা নূর হোসেনের আত্মত্যাগই স্বৈরাচারকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের অবিনাশী প্রতীক হয়ে চিরভাস্বর রয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ











