বাংলাফ্লো প্রতিবেদক ঢাকা: রাজধানীর আগারগাঁও বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস সংলগ্ন এলাকায় দালালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের ১২ জন সদস্যকে আটক করেছে এসআরবি-২। পরবর্তীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপরাধ বিবেচনায় চক্রের সাত সদস্যকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) এসআরবি-২-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে আটককৃতদের মধ্যে অপরাধ প্রমাণিত হওয়ায় একজনকে ১০ দিন, দুজনকে ৭ দিন এবং চারজনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টতা না পাওয়ায় আটক বাকি পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়েছে।
এসআরবি-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস জানান, একটি সংঘবদ্ধ দালাল চক্র দীর্ঘদিন ধরে আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় সাধারণ সেবা প্রত্যাশীদের নানা কৌশলে বিভ্রান্ত ও হয়রানি করে আসছিল। তারা ফরম পূরণ, সত্যায়ন, ভুয়া কাগজপত্র তৈরি এবং দ্রুত পাসপোর্ট করিয়ে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল।
তিনি আরও জানান, অনেক ক্ষেত্রে সেবাপ্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েও পাসপোর্ট না দেওয়া এবং জাল কাগজপত্র ধরিয়ে দিয়ে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলার অভিযোগও পাওয়া গেছে। পাসপোর্ট সেবা প্রত্যাশীদের হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে দালাল চক্রের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান ও সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ










