বিনোদন ডেস্ক
ঢাকা: দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের জীবন্ত কিংবদন্তিদের জীবন ও সৃষ্টিশীল কর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) শুরু করতে যাচ্ছে নতুন ধারাবাহিক অনুষ্ঠান ‘কিংবদন্তির সান্নিধ্যে’।
অনুষ্ঠানটিতে দেশের প্রথিতযশা গুণী ব্যক্তিত্বদের জীবনের অজানা গল্প, সংগীত ও শিল্পের পথচলায় তাদের আত্মত্যাগ এবং প্রাপ্তির নানা দিক তুলে ধরা হবে। তরুণ প্রজন্ম যেন তাদের অনুপ্রেরণাদায়ী জীবনের সান্নিধ্য পেয়ে সমৃদ্ধ হতে পারে, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিটিভি কর্তৃপক্ষ জানিয়েছে।
অনুষ্ঠানটির প্রথম পর্বে উপস্থিত থাকছেন উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী ও সংগীতগুরু ফেরদৌসী রহমান। দীর্ঘ সংগীতজীবনে তার কালজয়ী গান, সুরসাধনা এবং লোকসংগীতের প্রচার ও প্রসারে তার অবিস্মরণীয় অবদান নিয়ে আলোকপাত করা হবে এই পর্বে।
প্রতি শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে অনুষ্ঠানটি প্রচারিত হবে। অনুষ্ঠানটি পরিকল্পনা ও প্রযোজনা করেছেন বিটিভির নিজস্ব প্রযোজনা বিভাগ।
বাংলাফ্লো/এম এইচ এইচ












